পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কী ধরনের পোস্ট করা উচিত, সে বিষয়ে ন্যূনতম ‘কমনসেন্স’ থাকা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের মন্তব্য ঘরে তিনি এ প্রতিক্রিয়া জানান। বিষয়টি নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম যমুনা টেলিভিশনের একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন উল্লেখ করে এর লিংক প্রথম কমেন্টে দেওয়া হয়েছে।
এরপর পোস্টটির মন্তব্যে সারজিস আলম লেখেন, ‘একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ থেকে কী পোস্ট করা উচিত সেই বিষয়ে আপনাদের মিনিমাম কমনসেন্স থাকা দরকার।’
মূলত সরকারি একটি মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে একজন প্রতিমন্ত্রীর বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারের প্রচারণা চালানো কতটা প্রাসঙ্গিক—এ নিয়েই প্রশ্ন তুলেছেন সারজিস। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন আলোচনা-সমালোচনা দেখা যায়।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে সাধারণ ব্যবহারকারীদের মন্তব্য করার সুযোগ সীমিত করা হয়।

