Friday, November 6

নেত্রকোনার মদনে ১১ বছরের এক শিশু মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পর ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকেই নবজাতকের বাবা হিসেবে শনাক্ত করা হয়েছে।

শিশুটির মা গত ২৩ এপ্রিল মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমান উল্লাহ সাগরকে আসামি করে মামলা করেন। পরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে আসামি গ্রেপ্তারের আগেই অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে আমান উল্লাহ সাগরকে নির্দোষ দাবি করে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি দাবি করেছিলেন, ডিএনএ পরীক্ষায় সাগর নির্দোষ প্রমাণিত হয়েছেন। অথচ তখনও ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়নি।

সোমবার ডিএনএ পরীক্ষার প্রতিবেদন প্রকাশের পর জানা যায়, শিশুটির জন্ম দেওয়া নবজাতকের বাবা আমান উল্লাহ মাহমুদী সাগর। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান মুক্তাদিরের ওই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সেসময় সালমান মুক্তাদির তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন, একজন ১১ বছরের শিশুকে তার মাদ্রাসাশিক্ষক গর্ভবতী করেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর সবাই অভিযুক্তের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছিল। পরে তদন্ত ও ডিএনএ-সংক্রান্ত খবরের বরাত দিয়ে তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি অপরাধী নন এবং শিশুটির পরিবারের অন্য একজনের দিকে অভিযোগের ইঙ্গিত রয়েছে।

তবে সমালোচনার মুখে পরে তিনি ওই পোস্টে আরও একটি বক্তব্য যুক্ত করেন। সেখানে তিনি লেখেন, অন্য কিছু সূত্র এটিকে গুজবও বলছে। এখনো কোনো নিশ্চিত নাম, নিশ্চিত ডিএনএ প্রতিবেদন বা স্পষ্ট তদন্তের ফলাফল পাওয়া যায়নি।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে আমান উল্লাহ মাহমুদী সাগরকেই নবজাতকের বাবা হিসেবে নিশ্চিত করা হয়েছে।

সোমবার আদালতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপনের পর বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল কবীর রুবেল।

তিনি বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের বাবা হিসেবে আমান উল্লাহ মাহমুদী সাগরকে শনাক্ত করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হয় এবং ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে মামলাটির বিচারকার্য শেষ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Leave A Reply


Math Captcha
+ 59 = 60