সরকারের বিনিয়োগ-সংক্রান্ত তিনটি সংস্থা একীভূত করে গঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে’র চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে নতুন এ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠন করা হয়েছে।
গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর করেছে সরকার। আইন কার্যকরের পরদিনই নতুন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ২১ ও ২২ আগস্ট চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চৌধুরী আশিক মাহমুদকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
এদিকে নাহিয়ান রহমান রচিকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় এবং এয়ার ভাইস মার্শাল (অব.) মো. শাহারুল হুদাকে সচিব পদমর্যাদায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিয়োগের মেয়াদও একই শর্তে নির্ধারণ করা হয়েছে।
সচিব পদে পদোন্নতি পেয়ে সদস্য রাজ্জাক সরকার
সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুর রাজ্জাক সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২২ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সচিব পদে পদোন্নতির পর আব্দুর রাজ্জাক সরকারকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে।

