দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
শুক্রবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন, ব্যক্তিগত গুণাবলি ও নীতির প্রশংসা করেন তিনি।
তাসনিম জারা লেখেন, ২০১৮ সালে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাওয়ার সময় তরুণ ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্য তাকে ভোটকেন্দ্রে যেতে অনুপ্রাণিত করেছিল। তবে কেন্দ্রে গিয়ে তিনি ভোটে কারচুপি দেখতে পান।
তার ভাষ্য অনুযায়ী, ওই নির্বাচনে নিজের আসনে জয় পেলেও মির্জা ফখরুল কারচুপির মাধ্যমে গঠিত সংসদে যোগ দেননি। নীতির কারণে ক্ষমতার চেয়ার দূরে ঠেলে দেওয়ার ঘটনাকে তার রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেন তাসনিম জারা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মির্জা ফখরুলকে বারবার কারাগারে যেতে হলেও তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দাঁড় করানো সম্ভব হয়নি। তার কখনো মনে হয়নি যে মির্জা ফখরুল অর্থ উপার্জনের জন্য রাজনীতিতে এসেছেন।
রাজনীতিতে আসার পর মির্জা ফখরুলের সঙ্গে একাধিকবার কথা বলার অভিজ্ঞতা তুলে ধরে তাসনিম জারা বলেন, তিনি রাজনৈতিক জীবনের শিক্ষা, প্রয়োজনীয় বইয়ের নাম এবং নিজের বইও তাকে দিয়েছেন। রাজনীতির অঙ্গনে এমন মানুষ খুব বেশি নেই, যারা তরুণদের বই পড়তে উৎসাহিত করেন বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি পদ নিয়ে তাসনিম জারা বলেন, ক্ষমতার পালাবদলের সময় এই পদটি দেশের বড় সংকটের কেন্দ্রে থেকেছে এবং কখনো কখনো দেশকে স্থিতিশীলতাও দিয়েছে। এর পার্থক্য তৈরি হয় পদে থাকা ব্যক্তির চরিত্রের ওপর।
মির্জা ফখরুলের কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রপতি পদটির সম্মান, মর্যাদা ও রাষ্ট্রে স্থিতিশীলতা ফিরে আসবে—এমন আশা প্রকাশ করে তিনি লেখেন, ‘আজ থেকে তিনি আর তার দলের কেউ না। বাংলাদেশের।’

