Thursday, August 20

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের লাশ শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। সকাল সোয়া ৯টার দিকে কলাবাগানের বাসায় পৌঁছে স্বামীর লাশ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, এই বাসাতেই তৌফিক নেওয়াজের সঙ্গে দীপু মনির প্রথম দেখা হয়েছিল। পরে মরদেহটি গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে বুধবার দীপু মনিকে স্বামীর শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন করেন তার মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোল মঞ্জুর করা হয়।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।

Leave A Reply


Math Captcha
35 + = 40