Thursday, August 20

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচিত করতে যাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা।

এ নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

ত্রয়োদশ সংসদের মোট ৩৪৯ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিধান রয়েছে।

ভোট শেষে জাতীয় সংসদ ভবনেই বেসরকারিভাবে ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে গেজেট প্রকাশের পর বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে নতুন রাষ্ট্রপতির।

সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। এরপর প্রতিবার সরকারদলীয় একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি। এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় প্রায় সাড়ে তিন দশক পর আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 4 = 5