স্বামী তৌফিক নেওয়াজকে শেষবারের মতো বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় বের হন তিনি। পরে প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয় তাঁকে।
মুন্সিগঞ্জ কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা জানান, বুধবার সন্ধ্যায় দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশনা পাওয়া যায়। আনুষ্ঠানিকতা শেষে সকাল ৬টা ১০ মিনিটের দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়ার নির্দেশ রয়েছে।
এর আগে দীপু মনির মেয়ে তানী দীপাবলি ও তাঁর আইনজীবী চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন।
দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তৌফিক নেওয়াজের মরদেহ সকালে ঢাকার কলাবাগানে তাঁর নিজ বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে স্বামীর মরদেহ দেখবেন দীপু মনি। পরে গুলশানের আজাদ মসজিদে বাদ জোহর জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

