Friday, November 6

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফীক নেওয়াজ মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর মুন্সিগঞ্জ কারাগারে থাকা দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছেন তার মেয়ে তানী দীপাবলি নেওয়াজ।

বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এ আবেদন করেন। এর আগে দুপুর ১২টার দিকে কারাগারে থাকা মায়ের সঙ্গে দেখা করেন তানী।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মো. রেজাউল করিম জানিয়েছেন, আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে।

দীপু মনি জুলাই আন্দোলনের পর বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে মুন্সিগঞ্জ কারাগারে রয়েছেন। তার স্বামী তৌফীক নেওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তৌফীক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তিনি ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে আদালতে এসেছিলেন তিনি।

এর আগে তৌফীক নেওয়াজের অসুস্থতার কথা জানিয়ে দীপু মনিকে সাত দিনের প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তানী দীপাবলি। তবে ওই আবেদনে তখন সাড়া মেলেনি। এবার স্বামীর মৃত্যুর পর মাকে প্যারোলে মুক্তির জন্য নতুন করে আবেদন করা হলো।

Leave A Reply


Math Captcha
1 + = 5