Friday, November 6

সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মধ্যে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এ কার্যক্রমের সূচনা করেন তিনি। এ সময় শ্রমিকদের খোঁজখবরও নেন প্রধানমন্ত্রী।

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা-বাগানে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

এর আওতায় বাপি ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার—মোট ২০ হাজার রেইনকোট সরবরাহ করবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সমাজের সবাই নিজ নিজ জায়গা থেকে একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যারও সমাধান করা সম্ভব। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, এ ধরনের কাজে যারা এগিয়ে আসতে চান, সরকার তাদের পাশে থাকবে।

বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেন, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের কল্যাণে ভূমিকা রাখাও তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও সরকারের সঙ্গে সমন্বয় করে চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও কর্মপরিবেশ উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।

চা-শ্রমিকদের পক্ষ থেকে উদ্যোগটির জন্য প্রধানমন্ত্রী, সরকার ও রেইনকোট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় প্রধানমন্ত্রীকে চা-পাতাও উপহার দেন।

Leave A Reply


Math Captcha
+ 87 = 91