বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়ে জুলাইয়ের ইশতেহার ও প্রতিশ্রুতি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক ও চিকিৎসক তাজনূভা জাবীন।
সোমবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তাজনূভা বলেন, বর্তমান সরকার স্বাভাবিক রাজনৈতিক ধারাবাহিকতায় ক্ষমতায় আসেনি। জুলাই গণঅভ্যুত্থানে অনেক মানুষের জীবন ও রক্তের বিনিময়ে এ সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড মূল্যায়নের ক্ষেত্রে দলীয় নির্বাচনি ইশতেহারের চেয়ে জুলাইয়ের ইশতেহার ও প্রতিশ্রুতিই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সরকার কতটা সিস্টেম পরিবর্তনের দিকে এগোচ্ছে বা অন্তত আগ্রহ দেখাচ্ছে, সেটিই তাদের কাছে মূল বিষয়। এ ক্ষেত্রে তিনি চরম হতাশা প্রকাশ করেন।
সরকারের বিভিন্ন উদ্যোগের সমালোচনা করে তাজনূভা বলেন, কার্ড বিতরণ ও খাল খননের মতো উদ্যোগের প্রশংসা করা যায়। কিন্তু মানুষ যখন রান্নার গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছে না, জ্বালানি সংকটে পরিবহন ব্যয় ও দ্রব্যমূল্য বাড়ছে, তখন এসব উদ্যোগ তুলনামূলকভাবে গৌণ হয়ে যায়।
এ ছাড়া বিচার বিভাগ, পুলিশ, মানবাধিকার, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্থানীয় প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে তিনি হতাশা প্রকাশ করেন।
জ্বালানি খাত নিয়ে তিনি বলেন, দেশীয় গ্যাস অনুসন্ধানে বাজেট বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানিতে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক পরিকল্পনা নেওয়ার বদলে সরকার পুরোনো গ্যাস আমদানিনির্ভরতা বাড়াচ্ছে এবং অলিগার্কদের সুবিধা করে দিচ্ছে। সংকটের স্থায়ী সমাধানে সময় লাগতে পারে—এ কথা স্বীকার করলেও জনগণকে স্পষ্ট পরিকল্পনা না জানিয়ে সংকটের সময়ে শুধু কার্ড বিতরণকে তিনি সরকারের ছয় মাসের সাফল্য পরিমাপের মানদণ্ড হিসেবে গ্রহণযোগ্য মনে করেন না।
