Friday, November 6

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে নতুন একটি একাডেমিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রস্তাবিত ‘২+২’ প্রোগ্রামের আওতায় চার বছরের স্নাতক কোর্স দুই ধাপে সম্পন্ন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

এ কর্মসূচিতে প্রথম দুই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর পরবর্তী দুই বছর জাপানের অংশীদার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকবে। নির্ধারিত একাডেমিক যোগ্যতা ও প্রোগ্রামের শর্ত পূরণ করে সফলভাবে কোর্স শেষ করলে শিক্ষার্থীরা জাপানের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক সনদ অর্জনের সুযোগ পাবেন।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় ঢাকার বনানীর হোটেল আমারি ঢাকায় রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলামের সঙ্গে জাপানের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে একাডেমিক সহযোগিতা, শিক্ষার্থী বিনিময় ও যৌথ শিক্ষা কার্যক্রম জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।

জাপানের প্রতিনিধিদলে ছিলেন কিবিগাকুয়েন এডুকেশনাল ইনস্টিটিউশনের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ড. হিরোইউকি ইজিরি এবং প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার রিজিওনাল ওরিয়েন্টেড স্টাডিজের রিসার্চ অর্গানাইজেশনের পরিচালক অধ্যাপক ড. শিনজিরো ওগিতা।

বৈঠকে রাবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাবির উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, প্রস্তাবিত ‘২+২’ প্রোগ্রাম শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের একাডেমিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় তাদের আরও দক্ষ করে তুলবে।

তিনি আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং শিক্ষার্থী চলাচলের নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে এই কর্মসূচি।

Leave A Reply


Math Captcha
+ 13 = 18