Friday, November 6

জুলাই আন্দোলনে রাজধানীর শাহবাগ থানা এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, মনির হোসেন হত্যার ঘটনায় আমিরুল আলম মিলনের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে আমিরুল আলম মিলনকে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির হোসেন। এ সময় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রুজিনা আক্তার শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আমিরুল আলম মিলন এ মামলার ৬২ নম্বর এজাহারনামীয় আসামি।

মামলাটির তদন্তে আমিরুল আলম মিলনের বিরুদ্ধে পাওয়া সাক্ষ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী আইনি কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
33 − = 30