সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগে গাজীপুরের কালীগঞ্জে জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এর আগে রোববার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আব্দুল্লাহ আল মারুফের মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে ইয়াবা সেবন করতে দেখা গেছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
উপজেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল্লাহ আল মারুফকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের ফলে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের কোনো পর্যায়ের পদেই তিনি আর বহাল থাকবেন না।
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রোবেল শেখ ও সদস্যসচিব হাসানুর রহমান হাসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
রোবেল শেখ বলেন, মারুফের ইয়াবা সেবনের ভিডিও নেতাদের নজরে আসার পরপরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে কেউ যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সংগঠন কঠোর অবস্থানে রয়েছে।
এদিকে বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে আব্দুল্লাহ আল মারুফের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

