দেশে বিভ্রান্তি ও গুজব ছড়ানো ব্যক্তিদের অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে তাদের ওপর নজর রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশে অনেক বিভ্রান্তকারী ও রটনাকারী রয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অতীতে তারা কী করেছে, তা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে তাদের কর্মকাণ্ডের ওপরও নজর রাখতে হবে।
তিনি বলেন, “দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না।” বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলে অতীতের মতো তাদের সমুচিত জবাব দেওয়ার কথাও বলেন তিনি।
সাম্প্রতিক সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, দীর্ঘদিন রাজপথে অনুপস্থিত থাকা কিছু ব্যক্তি এখন সংস্কারের নামে বড় বড় কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিএনপি ২০২২ সালে রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছিল বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যকর বাস্তবায়ন, ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিত্বদের সহায়তা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের স্বাবলম্বী করা, কৃষি খাতের আধুনিকায়ন এবং নতুন শিল্প-কারখানা গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে জেলার নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। একই সঙ্গে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বের মধ্যে সম্মানি এবং অসচ্ছল ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। একজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেওয়া হয়।

