কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘এই পাঁচ বছরে যা হবে এই আসনের জন্যে। সদর আসনে আমি প্রধানমন্ত্রী।’ তাঁর এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্প্রতি কুষ্টিয়া পৌর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
মুফতি আমির হামজা বলেন, ‘এই পাঁচ বছরে যা হবে এই আসনের জন্যে, সদর আসনে আমি প্রধানমন্ত্রী। বাজেটেরগুলো সরকার দেবে, ওটা তো দেবে আমির হামজার হাতে।’ এ সময় তিনি স্থানীয় উন্নয়নকাজে নিজের ভূমিকার কথা তুলে ধরেন।
উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, কুষ্টিয়া মেডিকেলে ২৩টি বিভাগ চালু হয়েছে এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব কাজ তাঁর সময়ে এগিয়েছে।
সরকারি বরাদ্দ ও উন্নয়নকাজের কৃতিত্ব নেওয়া নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, কোনো ব্যক্তি ব্যক্তিগত অর্থে সরকারি উন্নয়নকাজ করছেন না; সরকারি অর্থ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই এসব কাজ বাস্তবায়িত হয়।
তিনি বলেন, সরকার অর্থ বরাদ্দ দিলে তা নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমেই দেওয়া হয়। কোনো ব্যক্তি নিজে থেকে ১০০ কোটি টাকার রাস্তার কাজ করে দেওয়ার দাবি করলে জনগণের তা যাচাই করা উচিত।
এদিকে, ‘সদর আসনে আমিই প্রধানমন্ত্রী’—মুফতি আমির হামজার বক্তব্যের এই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে বক্তব্যের বিষয়ে তাঁর বিস্তারিত ব্যাখ্যা জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

