Friday, November 6

রাবি প্রতিনিধি: জয়নাল ইসলাম সাদেক

‎রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান হাসিব মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে চৌদ্দপাই মিজানের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।


‎
‎মাদকসহ গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির ঢাকা রিপোর্টকে বলেন, “দুপুরে এসআই রিপন কুমার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘ট্যাপেন্টাডল’ নামক একটি মাদকসহ তাকে গ্রেপ্তার করেন। বর্তমানে তাকে মতিহার থানায় হেফাজতে রাখা হয়েছে।”
‎
‎এদিকে মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক কোন ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “আমরা এখনও বিস্তারিত জানি না। সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে বিস্তারিত জেনে সে যদি সত্যি মাদকসেবন ও মাদক কেনাবেচার সাথে জড়িত থাকে, তাহলে সে অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
‎
‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঢাকা রিপোর্টকে বলেন, “আমরা বিষয়টি জানতে পেরেছি। দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে তদন্ত হবে। সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে।”
‎
‎
‎এর আগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সদস্যের সঙ্গে চাঁদাবাজির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ২০২৪ সালের ১৯ অক্টোবর হাসিবুর ইসলাম হাসিবকে অব্যাহতি দিয়েছিল ছাত্রদল। এরপর ২০২৫ সালের ২৫ জুন তার বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ তুলেছিল এক শিক্ষার্থী।
‎এছাড়াও ক্যাম্পাসে নারী শিক্ষার্থীসহ কয়েকজনকে আটকে চাঁদা দাবির অভিযোগও ছিল তার বিরুদ্ধে। যদিও পরে এসব ঘটনায় সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে ২০২৫ সালেই হাসিবসহ বহিষ্কার হওয়া তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রদল।
‎
‎পরবর্তীতে চলতি বছর ২২ এপ্রিল বহিরাগতদের নিয়ে আবু হাসান নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে।
‎
‎এদিকে এসব সংবাদ প্রকাশের জেরে ১১ জুলাই মতিহার থানায় মামলা করেন হাসিবুর রহমান হাসিব। মামলায় তিনি দাবি করেন, তাকে হেয়প্রতিপন্ন ও রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।
‎
‎মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক, দ্য ডেইলি ক্যাম্পাস-এর রাবি প্রতিনিধি, সকালের বুলেটিন-এর সম্পাদক, দ্য ডেইলি ক্যাম্পাস-এর সম্পাদক, এনটিভি অনলাইন-এর সম্পাদক এবং ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগকারী শিক্ষার্থী হাসানকে আসামি করা হয়।

Leave A Reply


Math Captcha
3 + 2 =