নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও সিপিএসসি নরসিংদী এবং র্যাব-১১-এর সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মামলার প্রধান আসামি সাফাদি মির্জা বিজয় (২৫), শাহ আলম ফকির (৩০), রিফাত ওরফে বাবু ফকির (২২), তুষার (২৫) ও মেহেদী (২০)। তাদের সবার বাড়ি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা ফকিরবাড়ী গ্রামে।
ওসি শাহেদ আল-মামুন জানান, গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রাত পৌনে ২টার দিকে ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা ফকিরবাড়ী এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাফাদি মির্জা বিজয়সহ তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম আল মাসুম ও তার সহযোগীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন।
এতে ইব্রাহিম আল মাসুম (৩৩) গুলিবিদ্ধ হন। হামলায় তার সঙ্গে থাকা জয়নাল মাস্টার, মামুন আহম্মেদ, আমজাদ, কাউছার, মামুন, আকাশ, রুবেল ও ইমরানও আহত হন।
পরে গুরুতর আহত ইব্রাহিম আল মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নয় দিন চিকিৎসাধীন থাকার পর গত ১০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত মাসুমের শ্যালক হাসান মো. মহসিন বাদী হয়ে গত ৪ আগস্ট পলাশ থানায় মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

