Friday, November 6

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্ট উপলক্ষে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা সহ-সভাপতি। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পবন ও রতন দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্ট উপলক্ষে তারা নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়।

কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, ইউনিয়ন পরিষদের পাশে পবন ও রতনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্না করছিলেন। সেখানে তারা সংগঠিত হচ্ছেন—এমন খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেফতার করা হয়।

ভেড়ামারা থানার ওসি মুহম্মদ জাহেদুর রহমান বলেন, গ্রেফতার দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। সংগঠিত হওয়ার খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =