Friday, November 6

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী আগস্টের শেষদিকে ভারত সফর করতে পারেন। সম্ভাব্য এই সফর সেপ্টেম্বরের ১২–১৩ তারিখে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগেই হতে পারে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী ২১ বা ২২ আগস্ট সফরের সম্ভাব্য তারিখ হিসেবে আলোচনায় রয়েছে। তবে সফরের তারিখ এক-দুই দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে এবং এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফেব্রুয়ারিতেই দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। পরবর্তীতে সেপ্টেম্বরের ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবেও তাকে আমন্ত্রণ জানায় নয়াদিল্লি।

ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীও গত জুলাইয়ে জানিয়েছিলেন, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে এবং সফরটি হলে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

সম্ভাব্য সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়—বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, নদীর পানি, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা—আলোচনায় আসতে পারে।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে। ঢাকার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানানো হলেও ভারত জানিয়েছে, বিষয়টি তাদের নিজস্ব আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন কমিয়ে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী নয়াদিল্লি। সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষ থেকে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ইতিবাচক বার্তাও দেওয়া হয়েছে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো তারেক রহমানের ২১ বা ২২ আগস্টের ভারত সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, ভারতের আমন্ত্রণটি বাংলাদেশ সরকার পর্যালোচনা করছে।

সফরটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

Leave A Reply


Math Captcha
− 8 = 2