বরিশাল প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে যাত্রী ছাউনিতে সন্তান প্রসব করা এক মানসিকভাবে অসুস্থ নারীর নবজাতক ছেলে সন্তান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শুক্রবার সকালে উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডের একটি যাত্রী ছাউনিতে ওই নারী সন্তান প্রসব করেন। স্থানীয়রা জানান, ওই নারী বেশ কিছুদিন ধরে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন।
স্থানীয় কাউন্টার ব্যবসায়ী মো. লিটন হোসেন জানান, সকালে বিষয়টি দেখতে পেয়ে তারা যাত্রী ছাউনিটি কাপড় ও ব্যানার দিয়ে আড়াল করে রাখেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।
খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁর উদ্যোগে মা ও নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতক ছেলে শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও আসমাউল হুসনা।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মা ও নবজাতককে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। শিশুটির মৃত্যুর পর ওই নারীকে সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

