Friday, November 6

নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছেন পোশাক শ্রমিক আব্দুস সামাদ ওরফে খোকন সরকার। স্বামীর মৃত্যুর মাত্র ছয় ঘণ্টা পর মারা গেছেন তাঁর স্ত্রী ফজিলত বেগমও।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে স্বামীর কবরের পাশেই ফজিলত বেগমকে দাফন করা হয়েছে। এর আগে একই দিন সকাল ১০টায় খোকন সরকারের দাফন সম্পন্ন হয়।

স্বামীকে শেষবিদায় জানিয়ে দাফন শেষ করার পরপরই স্ত্রীর মৃত্যুর খবর আসে। এতে পরিবার ও এলাকাজুড়ে নেমে আসে শোকের মাতম।

নিহত খোকন সরকার (৫৪) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি গ্রামের মৃত আব্দুল গফুরের দ্বিতীয় ছেলে। তাঁর স্ত্রী ফজিলত বেগম (৪০) পাশের উজানীজোড়া গ্রামের নানু মিয়া খন্দকারের মেয়ে। এই দম্পতি নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে চাকরি করতেন। তাঁদের দুই সন্তান ইউসুফ সরকার (২০) ও খাদিজা আক্তার (১৮)।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুর এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে খোকন সরকার ও ফজিলত বেগম দুজনই গুরুতর দগ্ধ হন।

পরে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান খোকন সরকার।

বুধবার সকালে তাঁর মরদেহ দেবিদ্বারের গ্রামের বাড়িতে নেওয়া হয়। সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর মাত্র ছয় ঘণ্টা পর বুধবার বিকেল ৪টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর স্ত্রী ফজিলত বেগম। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে স্বামীর কবরের পাশেই তাঁকে দাফন করা হয়।

একসঙ্গে কর্মজীবন ও সংসার করা এই দম্পতির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, অগ্নিকাণ্ডে দেবিদ্বারের দুই পোশাক শ্রমিকের মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে অসহায় পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে। তাঁদের সরকারি আর্থিক সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
65 + = 70