Friday, November 6

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক গৃহবধূর ঘর থেকে আতিকুল ইসলাম নামে এক যুব জামায়াত নেতাকে স্থানীয়রা আটক করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার পূর্ব ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটে।

আতিকুল ইসলাম সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি পূর্ব ইন্দ্রকূল গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার ওই গৃহবধূর স্বামী শ্বশুরবাড়িতে যাওয়ার পর গভীর রাতে আতিকুল ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা আতিকুল ও ওই গৃহবধূকে আটক করেন বলে দাবি করা হয়।

গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদারের অভিযোগ, কিছুদিন আগে আতিকুল তাঁর পুত্রবধূর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। বুধবার রাতে চিৎকার শুনে তিনি পুত্রবধূর ঘরের দিকে গেলে আতিকুলকে সেখান থেকে বের হতে দেখেন। তাঁর দাবি, এ সময় আতিকুলকে কাঁপতে দেখা যায় এবং পরে তিনি লুঙ্গি পরিবর্তন করে দ্রুত প্যান্ট পরেন।

পরে স্থানীয়রা তাকে আটক করলে আতিকুলের স্বজনরা ঘটনাস্থলে এসে তাঁকে চড়-থাপ্পড় দিয়ে সঙ্গে করে নিয়ে যান বলে অভিযোগ করেছেন গৃহবধূর শ্বশুর।

এ বিষয়ে অভিযুক্ত আতিকুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

সূর্যমণি ইউনিয়নের গ্রাম পুলিশ ইউসুফ হাওলাদার বলেন, আতিকুল ইসলাম জামায়াতের কোন পদে আছেন, তা তিনি নিশ্চিত নন। তবে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানান। তাঁর ভাষ্য, বুধবার রাতে স্থানীয়রা আতিকুলকে ওই গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় আটক করেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে একজনের কাছ থেকে শুনেছেন। তবে বিস্তারিত না জেনে এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে জানতে পারেন। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
+ 77 = 78