২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও বিএনপি মনোনীত প্রার্থী আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র দাখিল করবেন।
নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
১১ দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, জোটের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)। তাঁর পক্ষে আজ সকাল ১১টায় মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
অন্যদিকে, বিএনপি আজ দুপুরে স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী চূড়ান্ত করবে। এরপর দলের মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

