Friday, November 6

রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদা আদায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে ছাত্রদলের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউমার্কেট থানার মিরপুর রোডের বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য, নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কেএম চঞ্চলের অনুসারী হিসেবে পরিচিত যুবদল নেতা সোহেল ও আজিম ওরফে ‘গুন্ডা আজিম’ ফুটপাতের দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তুলতে যান। বিষয়টি জানতে পেরে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন।

ভুক্তভোগীদের অভিযোগ, এর কিছুক্ষণ পর কেএম চঞ্চলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল লাঠিসোঁটা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলায় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব আল হাসান ও মুশফিকুর রহমানসহ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী সুমন সিকদার বলেন, তারা ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার সময় কয়েকজনকে দোকানদারদের কাছ থেকে জোর করে চাঁদা তুলতে দেখেন। প্রতিবাদ করলে প্রথমে তাদের গালাগাল করা হয়। পরে চঞ্চলের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে একটি দল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন বলেন, মারামারির ঘটনা সম্পর্কে তারা জানতে পেরেছেন। তবে কতজন আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
86 + = 87