জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন ও ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করে জানান, শাহবাগ থানায় এক ছাত্রদল নেত্রীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে রাঙামাটি থেকে ওই দুজনকে আটক করে ঢাকায় নিয়ে গেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. কামালউদ্দিন জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা পরিষদের সামনে থেকে আলী আকবর সুমনকে প্রথমে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে সুমনের ফোন পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী। সেখানে গোয়েন্দা পুলিশের সদস্যদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে তাকেও আটক করা হয়।
জানা গেছে, সম্প্রতি ওই ছাত্রদল নেত্রীর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তিনি শাহবাগ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে রাঙামাটি থেকে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বিষয়ে জানতে ওই নেত্রীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

