২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শনিবার (৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে। পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।
ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট ফলাফল সংগ্রহ করতে পারবে।
এসএমএসের মাধ্যমেও এসএসসি পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন করে ১৬১৪০ নম্বর যুক্ত করা হয়েছে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে লিখতে হবে: SSC DHA 123456 2026। এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষার্থীদের ফল জানতে আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য Dakhil MAD 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসে ফল জানতে SSC TEC 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল পেতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট কর্নারে প্রবেশ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। এরপর ওই প্রতিষ্ঠানের ফলাফল শিট ডাউনলোড করা যাবে।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী।

