ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এখন থেকে সাত দিনের স্লট একদিনে না ছেড়ে একসঙ্গে ১৫ দিনের স্লট খোলা হবে।
রোববার (৯ আগস্ট) দুপুরে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী মিশন ব্যবস্থা নেবে। আগে প্রতিদিন ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা হতো। এতে রোগীদের অনেক সমস্যায় পড়তে হতো। পরে এক সপ্তাহের স্লট একসঙ্গে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অভিজ্ঞতা ভালো হওয়ায় এবার তা বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে।
দীনেশ ত্রিবেদী বলেন, ভিসার জন্য আবেদনকারীদের যাতে ন্যূনতম সমস্যায় পড়তে হয়, সেটিই তাদের মূল লক্ষ্য। এটিই হাইকমিশনের অগ্রাধিকার।
হাইকমিশন সূত্রে জানা গেছে, অ্যাপয়েন্টমেন্ট বুকিং রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।

