রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সায়মন ঘুমের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
জানা গেছে, শনিবার (৮ আগস্ট) রাতে ছাত্রাবাসে অবস্থানকালে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সায়মন। সকালে ঘুম থেকে ওঠার সময় তিনি খাট থেকে পড়ে যান। পরে সহপাঠীরা তার শরীর শক্ত হয়ে যাওয়ার বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সায়মনের সহপাঠী সৌরভ বলেন, সকালে সায়মন ঘুমাচ্ছিলেন। ঘুমের মধ্যে তিনি খাট থেকে পড়ে যান। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে দেখা যায় তার শরীর শক্ত হয়ে গেছে। এরপর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
তিনি জানান, প্রথমে তারা বুঝতে পারছিলেন না সায়মনের কী হয়েছে। পরে সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সায়মন স্ট্রোক করেছেন। তার আগে আরও দুইবার স্ট্রোক করার ইতিহাস রয়েছে বলেও জানান সৌরভ।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে সায়মনকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও তার শারীরিক অবস্থা গুরুতর থাকায় এবং প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা না থাকায় তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
রোববার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে সায়মনকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সায়মনের জন্য আইসিইউর ব্যবস্থা করা হয়। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে উন্নত চিকিৎসার সুযোগ থাকায় সড়কপথে ঝুঁকি এড়াতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য সায়মনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

