Friday, November 6

গোপালগঞ্জ:
প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ।

শনিবার (৮ আগস্ট) বিকেলে কাশিমপুর কারাগার থেকে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে। পরে কঠোর নিরাপত্তার মধ্যে পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে কোটালীপাড়ায় নিয়ে আসা হয়। রাত ১১টার দিকে কোটালীপাড়া পৌর ভবনের মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

কামাল হোসেন শেখের বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৯৭) শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে কোটালীপাড়া পৌরসভার নিজ বাসায় মারা যান। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

শেখ লুৎফর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি ও কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ছিলেন। এছাড়া তিনি কোটালীপাড়া শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে কামাল হোসেন শেখকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে কারা কর্তৃপক্ষ তাকে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়। প্রিজন ভ্যান থেকে নেমে বাবার মরদেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, সাবেক মেয়র কামাল হোসেন শেখের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে মামলা রয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। বাবার মৃত্যুর কারণে তাকে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে শনিবার বাদ আসর কোটালীপাড়া পৌর ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে পৌর ভবনের মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চপল্লী কবরস্থানে তাকে দাফন করা হয়।

দুটি জানাজায় বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
12 − 4 =