ঢাকা:
রাজধানীর গাবতলীতে মাছবাহী একটি ফ্রিজিং গাড়ি মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণে এক কোল্ড স্টোরেজকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) রাতে গাবতলীর দীপনগর মাছের আড়তের পাশের এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
নিহত ইমরানের (২৫) বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। তিনি ওই উপজেলার সারোয়ার মোল্লার ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন মাছের কোল্ড স্টোরেজের সিএএসডি গাড়ির চালক সার্জেন্ট (অব.) ফারুক হোসেন (৪০)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কসুপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তাৎক্ষণিকভাবে আহত অন্যদের পরিচয় জানা যায়নি।
মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণ
উদ্ধারকারী মো. সবুজ জানান, দীপনগর এলাকায় একটি কোল্ড স্টোরেজের সামনে মাছবাহী ফ্রিজিং গাড়ির মেরামতের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িতে থাকা একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আশপাশে থাকা কয়েকজন আহত হন।
সবুজ বলেন, গুরুতর আহত ইমরানসহ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরানকে রাত ১০টা ৩৪ মিনিটে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত ফারুক হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মর্গে মরদেহ
ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি জানান, ইমরানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি দারুসসালাম থানাকে জানানো হয়েছে।
বিস্ফোরণের প্রকৃত কারণ এবং গাড়ির সিলিন্ডারে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

