চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি বসতঘরে মজুদ করে রাখা ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গিধনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সোলেমান আলীর ছেলে এমদাদুল হকের (৫২) আধাপাকা বাড়ির একটি অসম্পূর্ণ, চালাবিহীন ঘরে লাল রঙের একটি বালতির মধ্যে অন্তত চার থেকে পাঁচটি ককটেল রাখা ছিল। সন্ধ্যায় সেগুলোর কয়েকটি একসঙ্গে বিস্ফোরিত হলে বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ঘরের মেঝে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের কারণ ও ককটেলগুলো সেখানে কীভাবে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা শুরু করে পুলিশ।
সদর থানার পরিদর্শক (অভিযান) আব্দুর রউফ বলেন, ঘটনার পর বাড়ির মালিক এমদাদুল হক সপরিবারে আত্মগোপনে রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি স্থানীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এমদাদুল হককে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

