ঢাকা:
জুলাই গণ-অভ্যুত্থান হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থান কোনো ‘নিউটনের আপেল’ ছিল না; দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এটিকে পরিণত করতে হয়েছে।
শনিবার (৮ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও দ্বিতীয় বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গণ-অভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিল না। এটাকে আমাদের পাকাতে হয়েছে, এটা কখনো অটোমেটিক ছিঁড়ে পড়েনি। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই আপেলকে, এই আন্দোলনকে, এই গণ-অভ্যুত্থানকে আমাদের পেরে নিতে হয়েছে।”
নতুন রাজনৈতিক দল ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বললেও অনেক ক্ষেত্রে পুরনো বন্দোবস্তের ধারাতেই রাজনীতি করছেন। তাদের সংশোধন হওয়ার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণির ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনীতির মাঠ অনেক কঠিন, বন্ধুর এবং কণ্টকাকীর্ণ পথ। এত সহজ নয়।”
তিনি আরও বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনের মধ্যে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কোনো ভূমিকা নেই—এমন ধারণা রাজনৈতিক অপরিপক্বতার পরিচয়। নতুন রাজনৈতিক শক্তির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “পুরনো বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না।”
দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রীদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকে বিভিন্ন সময় লুকিয়ে বা অন্যভাবে আন্দোলনে যুক্ত ছিলেন। তবে প্রকাশ্যে তারা সবসময় মাঠে-ময়দানে সক্রিয় ছিলেন না।
তিনি বলেন, জাতীয় সংসদে বিতর্ক এবং মাঠে-ময়দানে রাজনৈতিক কর্মকাণ্ড—দুটিই গণতান্ত্রিক চর্চার অংশ। তবে এমন কোনো রাজনৈতিক চর্চা করা উচিত নয়, যার মাধ্যমে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক বিরোধের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের করে নিয়ে এর ওপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করতে চান, তাদের উদ্দেশে তিনি আগেও বলেছেন—চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ব্যর্থ হয়েছে।
একাত্তরের চেতনা ব্যবহার করে রাজনীতি করার সমালোচনা করে তিনি বলেন, “একাত্তরের চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেল করেছে।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনা একাত্তরের চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে গিয়ে অবস্থান করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বলেছি, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে—এটা একটা প্রবাদ হয়ে গেছে। প্রবক্তা আমি হলেও, প্রবাদ হতে তো অসুবিধা নেই। কেন হয়েছে? এই চেতনার রাজনীতি করতে করতে।”

