Friday, November 6

পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সৌদি আরবের স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে সতর্ক করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

শুক্রবার (৭ আগস্ট) ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কাগজে-কলমে করা কোনো চুক্তি সৌদি আরবকে নিরাপত্তা এনে দেবে না। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের ওপর একতরফাভাবে নির্ভর করেও সৌদি আরব নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

সৌদি আরবকে তাদের নিরাপত্তানীতি পরিবর্তনের আহ্বান জানিয়ে ইব্রাহিম রেজায়ি বলেন, এমন নীতি গ্রহণ করা উচিত, যাতে নিরাপত্তার জন্য অন্য দেশের কাছে হাত পাততে না হয়।

এর আগে শুক্রবার সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে অন্য দুই দেশ আক্রান্ত দেশটির প্রতিরক্ষায় এগিয়ে আসবে। এ চুক্তিকে ন্যাটোর মতো পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হচ্ছে।

তবে তুরস্কের এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, চুক্তিটি ‘সম্পূর্ণ প্রতিরক্ষামূলক’ এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে লক্ষ্য করে করা হয়নি।

এদিকে, সৌদি আরব যখন একাধিক দিক থেকে নিরাপত্তা হুমকির মুখে রয়েছে, ঠিক এমন সময়েই এ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো।

সৌদি আরবের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সমর্থনপুষ্ট ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাক ও ইয়েমেন থেকে সৌদি আরবে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে রিয়াদ।

Leave A Reply


Math Captcha
− 1 = 1