সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে এবং গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, সম্প্রতি একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উসকানিমূলক প্রচারণা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, এসব অপপ্রচারের উদ্দেশ্য হলো জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।
বার্তায় আরও বলা হয়, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কোনো ধরনের অনৈতিক তদবির গ্রহণ না করায় একটি অসন্তুষ্ট মহল এসব অপপ্রচার চালাচ্ছে। পুলিশ দাবি করেছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অভিযোগ, সরকারি দপ্তরে অন্যায় তদবির এবং অপপ্রচার বন্ধের বিনিময়ে অর্থ দাবির তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে।
বাংলাদেশ পুলিশ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর বা উসকানিমূলক কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

