শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও পড়াশোনা শেষে যেন দেশে ফিরে এসে কাজ করতে উৎসাহিত হন, সে জন্য উপযোগী পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ফরেন এডুকেশন কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতীয় বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের যুবসমাজের জন্য দেশে ও বিদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, প্রবাসী ও স্থানীয় কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে তারা বৈশ্বিক কর্মবাজারে আরও প্রতিযোগিতামূলক হতে পারেন।
উচ্চশিক্ষার নামে প্রতারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, কিছু অসাধু চক্র এডুকেশন কনসালটেন্সির আড়ালে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে।
তিনি জানান, এসব দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি এ ধরনের অনিয়ম বন্ধ ও অপরাধীদের শনাক্ত করতে সঠিক তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

