সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং কার্যকর নীতিমালার মাধ্যমে একটি সুস্থ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা গেলে এ খাতে বিনিয়োগ বাড়বে। এর ফলে সাংবাদিকদের উন্নত বেতন-কাঠামো, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
তিনি বলেন, গণতন্ত্রের বিকাশে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে অতীতের মতো কোনো নিয়ন্ত্রণ নেই। একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, গণমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে একসময় যে উদ্বেগ ছিল, বর্তমান বাস্তবতায় সেই পরিস্থিতি নেই।
সাংবাদিকতাকে রাষ্ট্র ও সমাজের অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, এ পেশার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তবে এ দায়িত্ব শুধু সরকারের নয়; গণমাধ্যমের মালিক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক তথ্য ও অপতথ্যের মধ্যে লড়াই। তাই বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।

