জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় আয়োজিত এক গণসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক বলেন, “যে পুলিশ জনগণের টাকায় পরিচালিত হয়, সেই পুলিশকেই আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি।” তার এ বক্তব্যকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণ-অভ্যুত্থানের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্যে জুবাইরুল আলম মানিক উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সমালোচনা করে বলেন, ২৬ জুলাইয়ের ঘটনাবলি প্রশাসন প্রত্যক্ষ করেছে। তার দাবি, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের সূচনা হলেও প্রশাসন বিরোধী শক্তিকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এবং প্রশাসনের মধ্যে দলীয় প্রভাব বিস্তারের প্রবণতা রয়েছে।
সরকারি সহায়তা কর্মসূচি নিয়েও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, টিসিবি ও ওএমএসের মতো কর্মসূচির সুবিধা সুষ্ঠুভাবে বণ্টন হচ্ছে না। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন নিয়োগের ক্ষেত্রেও জনপ্রতিনিধিদের সুপারিশ চাওয়ার অভিযোগ তুলে তিনি এটিকে বৈষম্যমূলক বলে উল্লেখ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকা। এতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

