Friday, November 6

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মেয়ের শ্বশুরবাড়িতে নাস্তা দেওয়া নিয়ে বিরোধের জেরে বাদশা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের কাইল্লা মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

নিহতের স্ত্রী ও স্বজনদের অভিযোগ, এক বছর আগে ইসলামি শরীয়াহ মোতাবেক তাদের মেয়ে ময়না আক্তারের সঙ্গে দেবিদ্বার উপজেলার রঘুরামপুর গ্রামের মহিউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ময়নাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে দাবি তাদের।

পরিবারের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে ময়নাকে শ্বশুরবাড়িতে রেখে শ্বশুর মতিন মিয়া, শাশুড়ি ঝর্ণা বেগম ও ননদের স্বামী হৃদয় বাদশা মিয়ার বাড়িতে আসেন। এ সময় আগামী শুক্রবার অন্তঃসত্ত্বা মেয়ের শ্বশুরবাড়িতে নাস্তা দেওয়ার বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাদশা মিয়াকে মারধর ও তলপেটে লাথি মারা হলে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ করেন স্বজনরা।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং শ্বশুরবাড়ির তিন সদস্যকে আটক করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের মেয়ের বান্ধবী ও প্রতিবেশী তাসমিম জাহান নির্জনা বলেন, তার বান্ধবী দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হচ্ছিল। তিনি ঘটনার সুষ্ঠু বিচার এবং অন্তঃসত্ত্বা ময়নার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave A Reply


Math Captcha
43 − 38 =