Friday, November 6

নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন কারাগার থেকে মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। অভিযোগপত্র পাঠ করে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

পরে আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জামিন আবেদন করেন। তবে দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হলে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

দুদকের চার্জশিটে বলা হয়েছে, মতিউর রহমান সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

২০২৪ সালে কোরবানির ঈদে ১৫ লাখ টাকা মূল্যের একটি ছাগল কেনাকে কেন্দ্র করে মতিউর রহমানের পরিবার আলোচনায় আসে। এরপর তাঁর ও পরিবারের সদস্যদের বিপুল সম্পদের তথ্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরবর্তীতে দুদক অনুসন্ধানে মতিউর রহমান ও তাঁর পরিবারের নামে ৬৫ বিঘা জমি, ৮টি ফ্ল্যাট, ২টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং ৩টি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পায়। পাশাপাশি তাঁদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের হিসাব এবং শেয়ারবাজারের বিও হিসাব জব্দ করা হয়।

Leave A Reply


Math Captcha
62 − = 52