Friday, November 6

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে বসে মাঝে মাঝে তৎপরতার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে আগামী ৫ আগস্ট ঘিরে দলটির কোনো কার্যকর কর্মসূচি চালানোর সক্ষমতা নেই বলেও দাবি করেন তিনি।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন,
“৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই। তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।”

৫ আগস্ট ঘিরে পুলিশের জন্য নেই বিশেষ নির্দেশনা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশ প্রশাসনকে কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ নিয়মিত দায়িত্বই পালন করবে।

তিনি বলেন,
“৫ আগস্ট ঘিরে পুলিশ তার নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। এ বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।”

বেনজীরের জামিন বাতিলে ল’ ফার্ম নিয়োগ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে জামিন পাওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের আদালত তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞার শর্তে জামিন দিয়েছেন।

তিনি জানান,
“বাংলাদেশ সরকার তার জামিন বাতিলের জন্য একটি ল’ ফার্ম নিয়োগ করেছে।”

বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে

সম্প্রতি রাজধানীর কয়েকটি স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন,
“একাধিক জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় কোনো সংযোগ আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। তবে বোমা বিষয়ে জনগণের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”

Leave A Reply


Math Captcha
2 + 5 =