Friday, November 6

সম্ভাব্য নাশকতা ও হামলার আশঙ্কায় পুলিশের ব্যবহৃত যানবাহনের নিরাপত্তা জোরদারে দেশব্যাপী বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এ লক্ষ্যে সব ইউনিটকে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দায়িত্ব পালনের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে যে, পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালনের সময় কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক পুলিশের নজরদারির আওতায় রাখতে হবে। কোনো অবস্থাতেই যানবাহন অরক্ষিত বা নজরদারিবিহীন অবস্থায় ফেলে রাখা যাবে না।

এ ছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, ইউনিট কার্যালয় ও অফিস কম্পাউন্ডে রাখা সব যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি বার্তায় বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও অন্যান্য ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দেশনাগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এ বিষয়ে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচির আশঙ্কা রয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এ নির্দেশনা জারি করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
15 + = 19