এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ রাজনীতিবিদদের নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপি। সমাবেশ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয় এবং ভবিষ্যতে জেলায় এলে তাকে প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়।
শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি চাষাঢ়া ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, এনসিপির নেতারা ৫ আগস্টের পর থেকে ভয়ভীতি প্রদর্শন ও বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছেন। তারা বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে এবং কটূক্তি বা অপপ্রচারের মাধ্যমে দল কিংবা তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না।
বক্তারা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ভবিষ্যতে তিনি এ জেলায় এলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছেন। তাকে নিয়ে অশালীন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এনসিপির নেতাদের উদ্দেশে টিপু আরও বলেন, চাঁদাবাজি ও নাটকের রাজনীতি পরিহার করে নিজেদের সীমার মধ্যে থাকতে হবে। অন্যথায় দেশের সাধারণ মানুষই এর জবাব দেবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, সদস্য আওলাদ হোসেন, অ্যাডভোকেট রফিক আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

