Friday, November 6

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার সক্ষমতা গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিজয় সরণির র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর ভাষায়, একজন শিক্ষার্থী যখন নিজের ওপর আস্থা অর্জন করে, তখন সে সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে সক্ষম হয়।

ববি হাজ্জাজ বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রসার অপরিহার্য। এ লক্ষ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মার্শাল আর্ট শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, আত্মরক্ষার দক্ষতা এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি করবে। এর মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় তিনি কৃতী কারাতেকাদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Leave A Reply


Math Captcha
91 − = 89