Friday, November 6

করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির ঘটনায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা একটি প্রতারণা মামলায় ১০ দিনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বাদীর সঙ্গে আপসের শর্তে পাঁচ হাজার টাকার মুচলেকায় সাহেদ করিমকে ১০ দিনের জন্য জামিন দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে অন্যান্য মামলা চলমান থাকায় তিনি এখনই কারামুক্ত হতে পারছেন না।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১৩ জুলাই মেসার্স মাসুদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাইফুল্লাহ মাসুদ ঢাকার আদালতে সাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ২০১৮ সাল থেকে বিভিন্ন সময়ে নির্মাণসামগ্রী সরবরাহের বিপরীতে সাহেদ করিম প্রথমে কিছু অর্থ নগদে পরিশোধ করলেও পরবর্তীতে চারটি চেকের মাধ্যমে মোট এক কোটি টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন। চেকগুলো প্রাইম ব্যাংকের হলেও নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় সেগুলো ফেরত আসে।

বাদীপক্ষের দাবি, পাওনা টাকা পরিশোধের বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও সাহেদ করিম সময়ক্ষেপণ করেন। পরবর্তীতে ২০২০ সালের ২৬ জুন পাওনা টাকা চাইতে গেলে তিনি অর্থ পরিশোধে অস্বীকৃতি জানান এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

উল্লেখ্য, অস্ত্র, প্রতারণা এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে সাহেদ করিমের বিরুদ্ধে ৩৫টিরও বেশি মামলা রয়েছে। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনের এক মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। পরবর্তীতে বিভিন্ন মামলায় জামিন লাভের পর প্রায় চার বছর কারাভোগ শেষে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারামুক্ত হন।

Leave A Reply


Math Captcha
85 − 84 =