রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়ার পর লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিপক্ষ থেকে কোনো আবেদন দাখিল করা হয়নি। শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুনানিতে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, ফারুক আহাম্মদ, জহিরুল আমিন ও তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটররা। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া উপস্থিত ছিলেন। এ সময় লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকীও আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি মাইক্রোবাসে করে লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে আনা হয়। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, শাপলা চত্বরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বিরুদ্ধে পূর্ব থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর পরিপ্রেক্ষিতে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে তাঁর বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ২৭ জুলাই এই মামলায় প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীসহ মোট ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং ১০ জনকে আদালতে হাজির করার নির্দেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
বর্তমানে এ মামলায় গ্রেপ্তার রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুসহ আরও কয়েকজন। অন্য একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন হাসানুল হক ইনু এবং গ্রেপ্তার রয়েছেন আবদুর রাজ্জাক। মামলার অন্যান্য আসামিরা বর্তমানে পলাতক।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় দুটি প্রধান অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে আবু বকর সিদ্দিকসহ ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাদেক মিয়াসহ ২০ জনকে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও গুরুতর আহত করার ঘটনাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
প্রসিকিউশনের দাবি, এসব ঘটনায় গণহত্যা, হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন এবং রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নিপীড়নের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।

