জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিশ্বের অন্যতম বড় রাজনৈতিক দল বলে পরিচিত একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে। তাদের পতন ঠেকাতে ট্যাংক, গোলাবারুদ, বিদেশি শক্তি কিংবা অর্থ কোনো কিছুই কাজে আসেনি বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির আয়োজিত পথযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিশ্বের বড় রাজনৈতিক দল বলে দাবি করা একটি দল এখন টেলিগ্রাম লীগে পরিণত হয়েছে। ট্যাংক, গোলাবারুদ, পার্শ্ববর্তী দেশ, বিদেশি শক্তি, টাকা-পয়সা কোনো কিছুই তাদের পতন ঠেকাতে পারেনি।”
তিনি শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের বদলি করা হয়েছে। এমন কর্মকাণ্ডের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।
এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সরোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদ মিতু এমপি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

