দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার (২৭ জুলাই) থেকে পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। রোববার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর ফলে জাপানে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে অলাভজনক হিসেবে বিবেচিত হওয়ায় এ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ঢাকা-নারিতা রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আফরোজা খানম বলেন, “এই বিমান সেবা শুধু একটি পরিবহন সুবিধা নয়; এর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল হবে এবং দুই দেশের অংশীদারত্ব শক্তিশালী হবে। আমাদের লক্ষ্য শুধু রুট চালু করা নয়, বরং জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বকে আরও সুদৃঢ় করা। প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। এখন থেকে এ ফ্লাইট আর বন্ধ হবে না।”
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, “আমরা নারিতা রুটে ফ্লাইট চালু করেছি, তবে বর্তমানে বিমানের উড়োজাহাজ সংকট রয়েছে। আমাদের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করা। এ লক্ষ্য বাস্তবায়নে আমরা ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।”
ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে জাপানগামী যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এটি দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

