Saturday, November 7

বরিশালে ঝুলন্ত অবস্থায় নারী ইউপি সদস্য শিলা ইসলামের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে আগৈলঝাড়া উপজেলার একটি ভাড়া বাসার দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিলা ইসলাম আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদারের মেয়ে। তিনি গৈলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই কন্যা সন্তানের জননী শিলা ইসলাম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

নিহতের বাবা আব্দুস সালাম হাওলাদার অভিযোগ করেন, মারুফ সেরনিয়াবাত প্রায়ই তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করতেন। ঘটনার দিন শুক্রবার বিকেল তিনটার দিকে ভাড়া বাসায় শিলা ইসলামকে মারধর করা হয়। নির্যাতনের পর মানসিকভাবে ভেঙে পড়ে তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি করেন তিনি।

পরে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগ এবং ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply


Math Captcha
47 + = 57