Saturday, November 7

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে গুপ্ত খালে তলিয়ে গেছেন এক পর্যটক। এ সময় তার ছেলেকেও পানির স্রোত ভাসিয়ে নিয়ে গেলেও উদ্ধারকর্মীরা তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে এখনো নিখোঁজ রয়েছেন বাবা।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় কলাতলী সৈকত সংলগ্ন মডার্ন হ্যাচারি পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকের নাম হেলাল উদ্দিন (৫২)। তিনি মেহেরপুর সদর উপজেলার মৃত আনোয়ার মেম্বারের ছেলে। তার ছেলে নিলয় (২২) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধারকর্মীদের সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে বেড়াতে আসা একটি পরিবার সন্ধ্যায় কলাতলী সৈকতের মডার্ন হ্যাচারি পয়েন্টে গোসল করতে নামে। একপর্যায়ে জোয়ারের পানিতে সৃষ্টি হওয়া গুপ্ত খালের গভীর গর্তে বাবা ও ছেলে তলিয়ে যান।

সি-সেইফ লাইফ গার্ডের উদ্ধারকর্মী জয়নাল আবেদীন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করা হয়। গুরুতর অবস্থায় নিলয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার বাবা হেলাল উদ্দিনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফ গার্ড এবং প্রশাসনের বিচকর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে সামুদ্রিক জোয়ার এবং টানা বৃষ্টিপাতের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে বালুচরে গুপ্ত খালের সৃষ্টি হয়, যা পর্যটকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উদ্ধারকর্মীদের সতর্কতা ও নির্দেশনা মেনে চলা ছাড়া এ সময় সৈকতে গোসল করা বিপজ্জনক বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave A Reply


Math Captcha
19 − = 12