Saturday, November 7

বিভিন্ন ধরনের সরকারি সুবিধাভোগী কার্ড বিতরণের পরিবর্তে দেশের মানুষের জন্য টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, কর্মসংস্থান ছাড়া দেশের অর্থনীতিতে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।

শুক্রবার সন্ধ্যায় জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের রেলস্টেশন এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “সরকারকে আমরা বলেছি, বিভিন্ন কার্ডের খেলা না খেলে সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন। উপজেলা ও জেলা পর্যায়ে, বিশেষ করে শিক্ষিত ও অশিক্ষিত তরুণদের জন্য যদি কর্মসংস্থান নিশ্চিত করা না যায়, তাহলে দেশের অর্থনীতিতে কোনো বাস্তব পরিবর্তন আসবে না।”

সরকারি সহায়তা কার্যক্রমে দলীয়করণের আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। নাহিদ ইসলাম প্রশ্ন রাখেন, “আপনি কার্ড দেবেন, কিন্তু এই কার্ডগুলো কি প্রকৃত দুর্দশাগ্রস্ত মানুষের হাতে পৌঁছাবে? নাকি ছাত্রদল, যুবদল বা আপনার দলের নেতাকর্মীদের কাছেই সীমাবদ্ধ থাকবে? অতীতের অভিজ্ঞতা বলছে, অনেক ক্ষেত্রেই সুবিধা দলীয় লোকজন পায়, অথচ প্রকৃত গরিব মানুষ বঞ্চিত হয়।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যেসব কার্ড দেওয়া হচ্ছে, সেগুলো যেন প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছায় এবং কোনো ধরনের দলীয়করণ না হয়, তা নিশ্চিত করতে হবে।”

দেশের তরুণ সমাজের ভূমিকার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “দেশের লাখ লাখ তরুণ রাজপথে নেমেছেন। তারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে। আমরা এই দেশে কোনো বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাসবাদ কিংবা চাঁদাবাজি দেখতে চাই না।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দলের কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠানসহ অন্যান্য নেতারা।

এর আগে এনসিপির নেতারা নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা কলেজ মাঠে কর্মসূচিতে অংশ নেন। পরে রাতে নেত্রকোণা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত সমাবেশেও তারা বক্তব্য রাখেন।

Leave A Reply


Math Captcha
+ 88 = 98